বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

চীন থেকে জাহাজ বিধ্বংসী সুপারসনিক ক্ষেপণাস্ত্র কিনছে ইরান

ডেস্ক রিপোর্ট।।

ইরানের উপকূলের কাছে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নৌবহর মোতায়েনের প্রস্তুতির খবরের মধ্যেই নতুন সামরিক পদক্ষেপ নিচ্ছে তেহরান। চীনের কাছ থেকে অ্যান্টি-শিপ ক্রুজ ক্ষেপণাস্ত্র কেনার চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) প্রকাশিত এক প্রতিবেদনে রয়টার্স ছয়টি সূত্রের বরাতে জানায়, চীনে নির্মিত সিএম-৩০২ সুপারসনিক ক্ষেপণাস্ত্র কেনার বিষয়ে আলোচনা শেষ পর্যায়ে। যদিও সরবরাহের সময়সীমা এখনো নির্ধারিত হয়নি।

প্রায় ২৯০ কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্র সমুদ্রপৃষ্ঠের কাছাকাছি উচ্চগতিতে উড়ে শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে সক্ষম বলে সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি। বিশ্লেষকদের মতে, এ ধরনের সুপারসনিক অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্র ইরানের নৌ-কৌশলে বড় পরিবর্তন আনতে পারে।

ইসরায়েলের থিংক ট্যাংক ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্ট্যাডিজের জ্যেষ্ঠ গবেষক ড্যানি ক্রিটরিনোভিচ বলেন, ইরান যদি জাহাজে আঘাত হানার সুপারসনিক সক্ষমতা অর্জন করে, তবে তা আঞ্চলিক শক্তির ভারসাম্যে বড় প্রভাব ফেলবে।

সূত্রগুলোর দাবি, অন্তত দুই বছর আগে শুরু হওয়া এ আলোচনা গত জুনে ইসরায়েল-ইরান ১২ দিনের যুদ্ধের পর দ্রুত এগোয়। চুক্তি চূড়ান্তের পর্যায়ে পৌঁছালে ইরানের উপ-প্রতিরক্ষামন্ত্রী মাসউদ ওরাইসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা চীন সফর করেন।

তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় রয়টার্সকে জানিয়েছে, সম্ভাব্য ক্ষেপণাস্ত্র বিক্রির বিষয়ে তারা অবগত নয়। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও মন্তব্য করেনি।

অন্যদিকে হোয়াইট হাউস সরাসরি কোনো মন্তব্য না করলেও এক কর্মকর্তা বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করেছেন—ইরানের সঙ্গে হয় চুক্তি হবে, নয়তো কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এ ধরনের ক্ষেপণাস্ত্র সরবরাহ বাস্তবায়িত হলে তা ২০০৬ সালে আরোপিত জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা লঙ্ঘনের শামিল হতে পারে। ২০১৫ সালের পারমাণবিক চুক্তির অংশ হিসেবে নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত হলেও পরে তা পুনর্বহাল করা হয়।

বিশ্লেষকদের মতে, এই সম্ভাব্য চুক্তি মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়াতে পারে এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে নতুন অনিশ্চয়তা তৈরি করতে পারে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন