জনস্বাস্থ্য সুরক্ষা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে সৌদি আরবের খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ (এসএফডিএ) বাংলাদেশসহ ৪০টি দেশ থেকে কাঁচা মুরগির মাংস ও ডিম আমদানিতে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছে। পাশাপাশি আরও ১৬টি দেশের নির্দিষ্ট কিছু অঞ্চলের ওপর আংশিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
নিষেধাজ্ঞাপ্রাপ্ত দেশগুলোর মধ্যে রয়েছে— বাংলাদেশ, ভারত, নেপাল, আফগানিস্তান, জার্মানি, ইন্দোনেশিয়া, ইরান, চীন, যুক্তরাজ্য, জাপানসহ মোট ৪০টি দেশ।
অন্যদিকে আংশিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে— যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ইতালি, ফ্রান্স, কানাডা, মালয়েশিয়াসহ ১৬টি দেশের নির্দিষ্ট অঞ্চলে।
বুধবার এক বিবৃতিতে এসএফডিএ জানায়, এভিয়েন ইনফ্লুয়েঞ্জা ও নিউক্যাসল রোগের বিস্তার ঠেকাতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কাঁচা মুরগি ও ডিমের ওপর নিষেধাজ্ঞা থাকলেও তাপের মাধ্যমে সম্পূর্ণ প্রক্রিয়াজাত পণ্যের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।
সংস্থাটি আরও জানায়, নিষেধাজ্ঞাপ্রাপ্ত দেশগুলোর উৎপাদক ও আমদানিকারকরা যদি অনুমোদিত স্বাস্থ্য ও সুরক্ষা মান পূরণ করতে সক্ষম হয়, তবে ভবিষ্যতে পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হতে পারে।
সৌদি কর্তৃপক্ষ বলছে, দেশীয় বাজারে খাদ্য নিরাপত্তা বজায় রাখা এবং জনস্বাস্থ্য সুরক্ষাই এ পদক্ষেপের মূল লক্ষ্য।

