নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় স্থানীয় সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ–এর উপস্থিতিতে ১১ দলীয় জোটের নেতাকর্মীদের সঙ্গে বিএনপি কর্মীদের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২১ জন আহত হয়েছেন।
বুধবার দুপুর সাড়ে ১২টা থেকে প্রায় দুই ঘণ্টা ধরে চলা এ ঘটনায় ককটেল বিস্ফোরণ, ভাঙচুর ও আতঙ্কের সৃষ্টি হয়। বিএনপির একটি কার্যালয়সহ বেশ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান, মোটরসাইকেল ও কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
আহতদের মধ্যে বিএনপি কর্মী আকবর, হেলাল, রিয়াদ, জাহের, হক সাহেব ও লুবনা আক্তারসহ উভয় পক্ষের অন্তত ২১ জন রয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
স্থানীয়দের ভাষ্য, সকালে প্রকল্প বাজারে আসেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ। তিনি সেখানে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও বক্তব্য দেন। বক্তব্য শেষে ফেরার পথে বাজার এলাকায় বিএনপি কর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষের সময় বাজার এলাকায় ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে। পরে এমপি মাসউদ নিজ সমর্থকদের নিয়ে সড়কে কিছু সময় অবস্থান করেন।
এমপি আবদুল হান্নান মাসউদ অভিযোগ করে বলেন, স্থানীয় বেলাল নামে এক ব্যক্তির নেতৃত্বে তার গাড়িবহরের পেছন থেকে হামলা চালানো হয়েছে। জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি।
অন্যদিকে চানন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুর রহমান দাবি করেন, এমপির বক্তব্যের পর তার সমর্থকরাই প্রথমে বিএনপির কার্যালয় ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালায়। স্থানীয়রা প্রতিরোধ করতে গেলে আরও মারধরের ঘটনা ঘটে বলে অভিযোগ করেন তিনি।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

