বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

বগুড়া-৬ ও শেরপুর-৩ উপ-নির্বাচন ৯ এপ্রিল

ডেস্ক রিপোর্ট।।

ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপ-নির্বাচন আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে বিশেষ অফিস আদেশ জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত আদেশে নির্বাচনি কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিক ছুটি বাতিলসহ অফিস সময়ের পরেও দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।

ইসি জানায়, গত ২৪ ফেব্রুয়ারি উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে সচিবালয়ের আওতাধীন মাঠপর্যায়ের সংশ্লিষ্ট সব কর্মকর্তা ও কর্মচারী—রাজস্ব ও আউটসোর্সিং উভয় পর্যায়ের—সাপ্তাহিক সরকারি ছুটির দিনেও অফিসে উপস্থিত থেকে নির্ধারিত দায়িত্ব পালন করবেন।

আদেশে আরও বলা হয়েছে, নির্বাচনের ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত বিশেষ প্রয়োজন ছাড়া কোনো কর্মকর্তা বা কর্মচারী কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। জরুরি প্রয়োজনে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।

নির্বাচন কমিশন সচিবালয়ের বাইরে থাকা নিরাপত্তা ও প্রটোকল দায়িত্বে নিয়োজিত বাহিনীগুলোকেও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ইসির নিরাপত্তা ও প্রটোকলে নিয়োজিত দেহরক্ষী, গানম্যান, পুলিশ ও আনসার সদস্যদের তফসিল ঘোষণার দিন থেকে ফলাফল প্রকাশ পর্যন্ত সার্বক্ষণিক দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিস, সরকারি পরিবহন পুলের গাড়িচালক এবং দৈনিকভিত্তিক কর্মীরাও এই নির্দেশনার আওতায় থাকবেন বলে জানিয়েছে ইসি।

উপ-নির্বাচনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট দুই আসনে প্রশাসনিক প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন