ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আবারও কারচুপির অভিযোগ তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর আমির ডা. শফিকুর রহমান। তার দাবি, বর্তমান ক্ষমতাসীন দল বিএনপি সংখ্যাগরিষ্ঠ মানুষের ভোটে নয়, বরং বিভিন্ন ‘কায়দা’ ও ‘ইঞ্জিনিয়ারিং’-এর মাধ্যমে ক্ষমতায় এসেছে।
বুধবার রাজধানীর মনিপুর উচ্চবিদ্যালয়ে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
জামায়াত আমির বলেন, স্বাধীনতার ৫৪ বছরে মানুষ বিভিন্ন আদর্শ ও রাজনৈতিক পালাবদল দেখেছে; কিন্তু ইসলামি আদর্শভিত্তিক সরকার দেখেনি। এবার পরিবর্তনের পক্ষে মানুষের ব্যাপক সমর্থন ছিল বলেও দাবি করেন তিনি।
তার ভাষ্য, “আমাদের সংস্কার ও পরিবর্তনের ডাকে ৬৯ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়েছে। কিন্তু যারা এখন ক্ষমতায়, তারা সংখ্যাগরিষ্ঠ মানুষের ভোট পায়নি।”
নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে তিনি বলেন, বিভিন্ন স্থানে বিদ্যুৎ বন্ধ করে ও এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিয়ে ফলাফল প্রভাবিত করা হয়েছে। ভবিষ্যতে এসব ‘কৌশল’ মোকাবিলায় কঠোর প্রস্তুতি নেওয়া হবে বলেও জানান তিনি।
স্বল্প আসনে জয়ী হয়েও সংসদে যোগদানের বিষয়ে ডা. শফিকুর রহমান বলেন, জনগণের ভোটের যেটুকু স্বীকৃতি পাওয়া গেছে, সেটির অমর্যাদা করা যায় না। সংসদে গিয়ে জনগণের অধিকার নিয়ে কথা বলবেন বলেও উল্লেখ করেন তিনি।
সরকারের কয়েকটি সিদ্ধান্তের প্রশংসা করে জামায়াত আমির বলেন, এমপি-মন্ত্রীদের সরকারি প্লট না নেওয়া ও ট্যাক্স-ফ্রি গাড়ি ব্যবহার না করার ঘোষণা ইতিবাচক। এছাড়া প্রবাসীদের মরদেহ রাষ্ট্রীয় খরচে দেশে আনার সিদ্ধান্তকেও সাধুবাদ জানান তিনি।
ঢাকা-১৫ (মিরপুর-কাফরুল) এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষের উদ্দেশে তিনি রমজানে চাঁদাবাজি বন্ধের আহ্বান জানান। কেউ চাঁদার চাপে পড়লে দলীয়ভাবে পাশে থাকার আশ্বাসও দেন।
এছাড়া সুযোগ পেলে মাসে একদিন সরাসরি জনগণের মুখোমুখি হয়ে মতামত ও সমালোচনা শোনার অঙ্গীকার করেন জামায়াত আমির।

