বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

জামিনে মুক্তি পেলেই আ. লীগ নেতাকর্মীদের গ্রেপ্তারের নির্দেশ

ডেস্ক রিপোর্ট।।

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ–এর নেতাকর্মীরা জামিনে মুক্তি পেলে তাদের বিরুদ্ধে অন্য মামলায় পুনরায় গ্রেপ্তার (শ্যোন অ্যারেস্ট) দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান স্বাক্ষরিত এক চিঠিতে রেঞ্জের অধীন আট জেলার পুলিশ সুপারদের (ডিএসবি) এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিটি মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জারি করা হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, “পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত আদিষ্ট হয়ে নিম্নোক্ত বিষয়গুলোর প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে—
১. কার্যক্রম নিষিদ্ধ/স্থগিত সংগঠনের যে নেতৃবৃন্দ ও কর্মীরা জামিনে মুক্তির পর দলকে শক্তিশালী ও মাঠপর্যায়ে সক্রিয় করতে সক্ষম, তাদের জামিন হওয়ার পর অন্য মামলায় গ্রেপ্তার দেখাতে (শ্যোন অ্যারেস্ট) হবে।
২. তবে যারা এ ধরনের বৈশিষ্ট্যের অধিকারী নন, তাদের ক্ষেত্রে জামিনের পর গ্রেপ্তার দেখানোর প্রয়োজন আপাতত নেই।
৩. প্রটোকল ও প্রটেকশন প্রদানের ক্ষেত্রে প্রচলিত আইন ও বিধি অনুসরণ করতে হবে।”

চিঠিতে আরও উল্লেখ করা হয়, এ বিষয়ে পূর্বে গ্রুপ মেসেজের মাধ্যমে পুলিশ সুপারদের অবহিত করা হয়েছিল। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অনুসরণীয় হিসেবে বিবেচনা করতে বলা হয়েছে।

এ নির্দেশনার বিষয়ে সংশ্লিষ্ট মহলের তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে আইনজীবী ও মানবাধিকার সংশ্লিষ্ট মহলে আলোচনা শুরু হয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন