সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

গভর্নর পদে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়া হয়েছে, জামায়াতের উদ্বেগ

ডেস্ক রিপোর্ট।।

কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পদে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়া হয়েছে— এমন অভিযোগ তুলে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে দলের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এ কথা বলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বিবৃতিতে বলা হয়, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের পদ কোনো আনুষ্ঠানিক বা অলংকারমূলক দায়িত্ব নয়; বরং এটি একটি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদগুলোর একটি। মুদ্রানীতির স্থিতিশীলতা রক্ষা, ব্যাংকিং খাত নিয়ন্ত্রণ, আর্থিক শৃঙ্খলা বজায় রাখা এবং দেশীয়-আন্তর্জাতিক আস্থা গড়ে তোলার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব এ পদের সঙ্গে সংশ্লিষ্ট।

জুলাইয়ের গণআন্দোলনের প্রসঙ্গ টেনে বিবৃতিতে বলা হয়, সে সময় জনগণ কাঠামোগত পরিবর্তন এবং মেধাভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠার দাবি তুলেছিল। কোটা আন্দোলন কেবল কোটার প্রশ্ন ছিল না, বরং তা ছিল মেধাতন্ত্র ও দক্ষ প্রশাসনের দাবিতে একটি ঐতিহাসিক পদক্ষেপ। কিন্তু নতুন গভর্নর নিয়োগ সেই প্রত্যাশার বিপরীত বার্তা দিচ্ছে বলে মন্তব্য করে দলটি।

বিবৃতিতে আরও দাবি করা হয়, দেশের ইতিহাসে এই প্রথম একজন শিল্পপতিকে কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব দেওয়া হয়েছে, যার প্রতিষ্ঠানের প্রায় ৮৯ কোটি টাকা ঋণ বিশেষ নীতিমালার আওতায় পুনঃতফসিল করা হয়েছিল নিয়োগের অল্প সময় আগে। তিনি বর্তমান শাসক দলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যও ছিলেন বলে উল্লেখ করা হয়।

জ্যেষ্ঠ ব্যাংকারদের উদ্বেগের কথা তুলে ধরে বিবৃতিতে বলা হয়, স্বার্থের সংঘাত ও প্রাতিষ্ঠানিক স্বাধীনতা নিয়ে প্রশ্ন উঠছে। যে ব্যক্তি নিজেই ঋণ পুনঃতফসিলের সুবিধাভোগী, তাকে পুরো ব্যাংকিং খাতের নিয়ন্ত্রকের দায়িত্ব দিলে বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়।

দলটি আরও বলে, শক্তিশালী, স্বাধীন ও দক্ষ নেতৃত্বসম্পন্ন প্রতিষ্ঠান ছাড়া দেশের অগ্রগতি সম্ভব নয়। রাজনৈতিক আনুগত্যের ভিত্তিতে নিয়োগ দেশীয় ও আন্তর্জাতিক আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও সতর্ক করা হয়।

এ বিষয়ে সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন