বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

শিক্ষা-গবেষণা ও শিল্প-সাহিত্যকে রাজনীতিকীকরণ সভ্য সমাজের পরিচায়ক নয়: প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট।।

শিক্ষা, গবেষণা ও শিল্প-সাহিত্য চর্চাকে রাজনীতিকীকরণ করা কখনোই সভ্য সমাজের পরিচায়ক হতে পারে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ গুণীজনদের হাতে রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা ‘একুশে পদক ২০২৬’ প্রদান শেষে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, শিক্ষা-গবেষণা ও শিল্প-সাহিত্যের চর্চাকে আরও বেগবান করতে রাষ্ট্র ও সরকার তাদের দায়িত্ব পালন করবে। “জ্ঞান-বিজ্ঞানের সব শাখায় যাতে দেশ এগিয়ে যেতে পারে এবং নৈতিক মানসম্পন্ন একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠিত হয়— সে লক্ষ্যে বর্তমান সরকার কাজ করছে,” যোগ করেন তিনি।

একুশে পদকের ইতিহাস তুলে ধরে তিনি বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীন বাংলাদেশে প্রথমবারের মতো একুশে পদক প্রবর্তন করেন। এটি কেবল একটি পদক নয়; বরং ভাষা আন্দোলন থেকে শুরু করে দেশের ঐতিহাসিক পথচলার স্মারক। শিক্ষা, সাহিত্য, শিল্পকলা ও গবেষণায় অবদান রাখা গুণীজনদের সঙ্গে জনগণের পরিচয় ঘটানোর একটি রাষ্ট্রীয় উদ্যোগও বটে।

প্রধানমন্ত্রী বলেন, “একুশে ফেব্রুয়ারি আমাদের আত্মপরিচয়ের স্মারক। এটি আমাদের সংস্কৃতিচেতনার প্রাণপ্রবাহ। মাতৃভাষার মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রামের পাশাপাশি এটি ছিল জালেমের বিরুদ্ধে অধিকার আদায়ের আন্দোলন। ফেব্রুয়ারি মানেই আত্মপরিচয় উপলব্ধির মাস, আমাদের শেকড়-সন্ধানী মাস।”

তিনি আরও বলেন, জ্ঞানী-গুণীদের কর্মময় জীবনের সঙ্গে আপামর জনগণের পরিচয় করিয়ে দেওয়া রাষ্ট্রের অন্যতম দায়িত্ব।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন