রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

তরুণ ও অবিবাহিতদের মধ্যে বাড়ছে এইচআইভি সংক্রমণ, সচেতন হওয়ার আহ্বান

ডেস্ক রিপোর্ট।।

দেশে তরুণ ও অবিবাহিতদের মধ্যে এইচআইভি সংক্রমণের হার দ্রুত বাড়ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২৪ সালের ডিসেম্বর থেকে গত বছরের নভেম্বর পর্যন্ত সময়ে ১ হাজার ৮৯১ জন এইচআইভি পজিটিভ শনাক্ত হয়েছেন। একই সময়ে মৃত্যু হয়েছে ২১৯ জনের।

জাতীয় এইডস ও এসটিডি নিয়ন্ত্রণ কর্মসূচি-এর এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। সংক্রমণের এ প্রবণতা স্বাস্থ্য বিশেষজ্ঞদের উদ্বেগ বাড়িয়েছে।

বিশেষজ্ঞদের মতে, ঝুঁকিপূর্ণ যৌন আচরণ, ইনজেক্টেবল ড্রাগ ব্যবহার, কনডমের মতো সুরক্ষা সামগ্রী ব্যবহার না করা এবং যৌন স্বাস্থ্য বিষয়ে সচেতনতার অভাব—তরুণদের মধ্যে সংক্রমণ বৃদ্ধির প্রধান কারণ। পরিবার ও সমাজে এ বিষয়ে খোলামেলা আলোচনা না থাকায় কৌতূহল ও ভুল ধারণা তরুণদের ঝুঁকির দিকে ঠেলে দিচ্ছে।

ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন এক তরুণ জানান, অন্যের ব্যবহৃত সুচ কতটা ঝুঁকিপূর্ণ—তা তিনি আগে জানতেন না। আরেকজনের ভাষ্য, সমাজে নৈতিকতার কথা বেশি বলা হলেও নিরাপত্তা ও সচেতনতা নিয়ে আলোচনা কম।

ইউএনএইডস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সায়মা খান বলেন, তরুণদের মধ্যে অসচেতনতা ও রোমাঞ্চপ্রবণতা অনেক ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তের দিকে নিয়ে যাচ্ছে। সংক্রমণ রোধে সচেতনতা বৃদ্ধি ও নিরাপদ যৌন আচরণের শিক্ষা অত্যন্ত জরুরি।

ভাইরাসবিদ অধ্যাপক নজরুল ইসলাম বলেন, নিয়মিত ওষুধ সেবন করলে এইচআইভি আক্রান্ত ব্যক্তি স্বাভাবিক জীবনযাপন করতে পারেন এবং সংক্রমণ ছড়ানোর ঝুঁকিও কমে যায়। তবে সামাজিক লজ্জা ও ভয়ের কারণে অনেক তরুণ সময়মতো পরীক্ষা ও চিকিৎসা নিতে চান না।

রাজধানীর বাড্ডা এলাকার এক এইডস আক্রান্ত তরুণ বলেন, তিনি এখন নিয়মিত ওষুধ নিচ্ছেন, তবে তার মতো ভুল যেন আর কেউ না করেন—এটাই তার প্রত্যাশা।

মনস্তত্ত্ববিদ অধ্যাপক হেলাল উদ্দিন আহমেদ মনে করেন, প্রযুক্তির দ্রুত প্রসার, নগরায়ণ ও সামাজিক পরিবর্তনের ফলে তরুণদের কাছে ঝুঁকিপূর্ণ বিষয় সহজলভ্য হয়ে উঠেছে, কিন্তু যৌন ও প্রজনন স্বাস্থ্য সম্পর্কে সঠিক ধারণা গড়ে ওঠেনি।

বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণ নিয়ন্ত্রণে সামাজিক লজ্জা ভাঙা, স্কুলপর্যায়ে কার্যকর প্রজনন স্বাস্থ্যশিক্ষা নিশ্চিত করা এবং তরুণদের লক্ষ্য করে ব্যাপক সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ জরুরি। পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রণালয়ের কার্যক্রম তদারকি ও সমন্বয় আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন তারা।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন