স্মার্টফোন ব্যবহারের সময় পাশের মানুষের অনাকাঙ্ক্ষিত দৃষ্টি এড়াতে আলাদা প্রাইভেসি ফিল্টার ব্যবহারের প্রবণতা নতুন নয়। তবে এ ধরনের ফিল্টার ব্যবহারে দেখা দেয় নানা সমস্যা—স্ক্রিনের উজ্জ্বলতা কমে যাওয়া, ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের ব্যাঘাত কিংবা একাধিক ব্যক্তি একসঙ্গে কনটেন্ট দেখতে না পারা।
এই সীমাবদ্ধতার সমাধান দিতে নতুন প্রযুক্তি নিয়ে এসেছে স্যামসাং। তাদের সর্বশেষ ফ্ল্যাগশিপ মডেল স্যামসাং গ্যালাক্সি এস২৬ আল্ট্রা-এ যুক্ত হয়েছে ‘প্রাইভেসি ডিসপ্লে’ নামের অন্তর্নির্মিত (বিল্ট-ইন) সুবিধা।
এই প্রযুক্তি ডিসপ্লের প্রতিটি পিক্সেল থেকে নির্গত আলোর কোণ নিয়ন্ত্রণ করতে সক্ষম। ফলে স্ক্রিনের কিছু অংশ বা নির্দিষ্ট তথ্য শুধুমাত্র নির্দিষ্ট কোণ থেকে দৃশ্যমান হবে। ব্যবহারকারী সেটিংস থেকে নির্ধারণ করতে পারবেন কোন অ্যাপ, বার্তা বা নোটিফিকেশন ব্যক্তিগত থাকবে।
ধরা যাক, আপনি কারও সঙ্গে ছবি দেখছেন—কিন্তু হঠাৎ ব্যক্তিগত কোনো বার্তা এলে সেটি কেবল আপনার চোখেই দৃশ্যমান থাকবে।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, পরিণত স্মার্টফোন বাজারে বড় ধরনের উদ্ভাবন এখন কম দেখা যায়। তাই ‘প্রাইভেসি ডিসপ্লে’ ভবিষ্যতের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হয়ে উঠতে পারে। তবে ব্যাপক উৎপাদন জটিলতার কারণে আপাতত এটি উচ্চমূল্যের মডেলেই সীমাবদ্ধ থাকছে।
দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান এলজি ইলেকট্রনিক্স দীর্ঘদিন ধরেই গোপনীয়তা-সংক্রান্ত ডিসপ্লে প্রযুক্তি নিয়ে কাজ করছে এবং সংশ্লিষ্ট পেটেন্টের আবেদনও করেছে। যদিও তারা বর্তমানে স্মার্টফোন উৎপাদন করে না।
অন্যদিকে অ্যাপল ভবিষ্যতে ল্যাপটপে উন্নত প্রাইভেসি ফিচার যুক্ত করার দিকে বেশি মনোযোগী বলে প্রযুক্তি মহলে আলোচনা রয়েছে।
এস২৬ সিরিজে ক্যামেরা সক্ষমতায় উল্লেখযোগ্য উন্নতির দাবি করেছে স্যামসাং। কম আলোয় উন্নত ছবি ধারণে ব্যবহৃত হয়েছে স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ প্রসেসরের কাস্টম সংস্করণ। পাশাপাশি ভিডিও রেকর্ডিংয়ে নতুন প্রজন্মের স্ট্যাবিলাইজেশন প্রযুক্তি যুক্ত হয়েছে।
ডিজাইনেও পরিবর্তন এসেছে। এস২৬ আল্ট্রা ৭.৯ মিলিমিটার পুরু ও ২১৪ গ্রাম ওজনের। তুলনায় আইফোন ১৭ প্রো ম্যাক্স কিছুটা পুরু ও ভারী। এস পেন থাকা সত্ত্বেও নতুন মডেলটি তুলনামূলক হালকা রাখা হয়েছে।
সব মিলিয়ে, এস২৬ সিরিজে নিয়মিত আপগ্রেডের পাশাপাশি ‘প্রাইভেসি ডিসপ্লে’ ফিচারটি ব্যবহারকারীদের কাছে আলাদা আকর্ষণ তৈরি করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

