জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় আরব ও ইসলামিক দেশগুলো সমর্থন দেবে বলে আশা প্রকাশ করেছেন ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী ড. ভারসেন ওহানেস ভার্তান আঘাবেকিয়ান।
বৃহস্পতিবার সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। জেদ্দায় অনুষ্ঠিত ওআইসির ফিলিস্তিনবিষয়ক কার্যনির্বাহী সভার ফাঁকে এ সাক্ষাৎ হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে ফিলিস্তিনি জনগণের প্রতি অটল সমর্থন পুনর্ব্যক্ত করা হয়। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেন, ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমান্তের ভিত্তিতে এবং পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাই চলমান সংকটের একমাত্র টেকসই সমাধান।
এ সময় ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের ধারাবাহিক ও দৃঢ় অবস্থানের প্রশংসা করেন। তিনি বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশ নির্বাচিত হলে ফিলিস্তিনের স্বার্থ সমুন্নত থাকবে।
বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, আসন্ন নির্বাচন ঘিরে বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের জোরালো যোগাযোগ অব্যাহত রয়েছে।

