বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

আফগানিস্তানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আখুন্দজাদা নিহত

ডেস্ক রিপোর্ট।।

ইউরোপভিত্তিক আন্তর্জাতিক গোয়েন্দা থিঙ্কট্যাংক সংস্থা ওসিন্ট-এর বরাতে দাবি করা হয়েছে, আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা নিহত হয়েছেন। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো নিশ্চিত ঘোষণা আসেনি।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোর ৬টা ৩ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সংস্থাটি জানায়, পাকিস্তানের বিমান বাহিনীর বিশেষ সামরিক অভিযান ‘অপারেশন গজব-লিল হক’-এর সময় কাবুলে কয়েকজন শীর্ষ কমান্ডারের সঙ্গে তিনি প্রাণ হারান। ২০২১ সালে তালেবান দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর থেকে আখুন্দজাদাই ছিলেন দল ও সরকারের সর্বোচ্চ নীতিনির্ধারক।

এই উত্তেজনার সূত্রপাত ঘটে গত ২১ ফেব্রুয়ারি, যখন পাকিস্তান তাদের সীমান্ত অঞ্চলে সক্রিয় নিষিদ্ধ গোষ্ঠী টিটিপি (তেহরিক-ই-তালেবান পাকিস্তান) দমনের লক্ষ্যে আফগানিস্তান-এর নানগারহার ও পাকতিয়া প্রদেশে বিমান হামলা চালায়। এতে ৮০ জনের বেশি নিহত হওয়ার খবর প্রকাশিত হলে উত্তেজনা চরমে পৌঁছে।

এর প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে আফগান সেনাপ্রধান ফাসিহুদ্দিন ফিৎরাতের নির্দেশে ডুরান্ড লাইন এলাকায় পাকিস্তানি সেনাচৌকি লক্ষ্য করে হামলা চালানো হয় বলে জানা যায়। তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ ওই সময় উন্নত নাইট ভিশন ও লেজার-নিয়ন্ত্রিত অস্ত্র ব্যবহারের দাবি করে কঠোর হুঁশিয়ারি দেন।

পরিস্থিতির জেরে পাকিস্তান পূর্ণমাত্রার সামরিক অভিযান ‘অপারেশন গজব-লিল হক’ শুরু করে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এক বিবৃতিতে বলেন, পাকিস্তানের ধৈর্যের সীমা অতিক্রম করেছে এবং প্রয়োজনে কঠোর জবাব দেওয়া হবে।

তালেবান প্রধানের মৃত্যুর দাবিকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। তবে তালেবান সরকার বা পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত না করায় পরিস্থিতি নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে।

দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে এ ঘটনাপ্রবাহ নতুন অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন