তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, চলমান সংঘাত নিরসনে তারা আলোচনার পক্ষে। তবে পাকিস্তান যুদ্ধ অব্যাহত রাখলে তারাও পাল্টা পদক্ষেপ নিতে প্রস্তুত।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে মুজাহিদ বলেন, “আমরা বারবার শান্তিপূর্ণ সমাধানের কথা বলেছি এবং এখনো আলোচনার মাধ্যমে বর্তমান লড়াই বন্ধ করতে চাই।” তবে তার অভিযোগ, পাকিস্তান কখনোই আন্তরিকভাবে আলোচনায় আগ্রহ দেখায়নি।
তিনি দাবি করেন, তালেবান বাহিনী পাকিস্তানের গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামোতে হামলা চালিয়েছে। “এটি স্পষ্ট বার্তা যে আমাদের হাত তাদের ঘাড় পর্যন্ত পৌঁছাতে পারে,”—বলেন তিনি।
মুজাহিদের অভিযোগ, আফগান আকাশসীমায় এখনো পাকিস্তানের গোয়েন্দা বিমান উড়ছে এবং পাকিস্তান সেনাবাহিনীর একটি অংশ এ অঞ্চলের অস্থিতিশীলতার জন্য দায়ী।
পাকিস্তান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, আফগান তালেবান সরকার নিষিদ্ধ সংগঠন টিটিপি (তেহরিক-ই-তালেবান পাকিস্তান)-কে মদদ দিচ্ছে। এ অভিযোগ তুলে গত রোববার আফগানিস্তানে বিমান হামলা চালায় পাকিস্তান। এর জবাবে বৃহস্পতিবার রাতে আফগান বাহিনী পাকিস্তানি সেনাদের ওপর অতর্কিত হামলা চালায় বলে জানা যায়।
মুজাহিদ বলেন, “টিটিপি একটি অজুহাত। এই অজুহাত ব্যবহার করে পাকিস্তান অঞ্চলকে অস্থিতিশীল করছে।” তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, পাকিস্তান যেকোনো ‘শয়তানি’ পদক্ষেপ নিলে তার উপযুক্ত জবাব দেওয়া হবে।
ভারত-এর সঙ্গে আফগানিস্তানের সুসম্পর্ক রয়েছে উল্লেখ করে তালেবান মুখপাত্র বলেন, এ সম্পর্ক কোনোভাবেই পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে না।
সীমান্তে উত্তেজনা অব্যাহত থাকায় দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।

