বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

ইরানে হামলা চালাল ইসরায়েল

ডেস্ক রিপোর্ট।।

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইসরায়েল দাবি করেছে, তারা ইরানের রাজধানী তেহরান-এ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানান দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।

ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল তেহরানে বিস্ফোরণের খবর প্রচার করেছে, তবে হামলার প্রকৃতি বা ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, শহরের কেন্দ্রস্থল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

অন্যদিকে, ইসরায়েলে দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে বিভিন্ন এলাকায়। এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইসরায়েলের দিকে সম্ভাব্য পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় জনগণকে প্রস্তুত করতেই এ সতর্কতা জারি করা হয়েছে।

এ ঘটনায় ইরান ইরান সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি। তবে মার্কিন সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস সূত্রের বরাতে জানিয়েছে, দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-এর দপ্তরের কাছাকাছি এলাকাতেও হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে তেহরানের কেন্দ্রীয় অঞ্চলের কিছু ভবন থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। তবে এসব ভিডিওর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল হওয়ায় সংশ্লিষ্ট পক্ষগুলোর আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার দিকে নজর রাখছে আন্তর্জাতিক মহল।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন