বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

দেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট।।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস, মো. ইসমাইল জবিউল্লাহ, রাশেদ আল মাহমুদ তিতুমীর, হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম, ডা. জাহেদ উর রহমান ও মাহ্‌দী আমিন উপস্থিত ছিলেন।

সভায় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাগত বক্তব্য দেন। পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী কার্যালয়ের গঠন ও কার্যাবলি সম্পর্কে উপস্থাপনা করেন।

কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে। সরকার তখনই সফল হবে, যখন সংশ্লিষ্ট সবাই আন্তরিকভাবে দায়িত্ব পালন করবেন। তিনি উল্লেখ করেন, জনগণ একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের পক্ষে রায় দিয়েছে; তাই ইশতেহারের অঙ্গীকার পূরণে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

স্বাস্থ্য, শিক্ষা, নারী শিক্ষা, কর্মসংস্থান ও ক্রীড়া খাতসহ বিভিন্ন অগ্রাধিকারমূলক খাতে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তুলতে কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা কামনা করেন।

তিনি রাষ্ট্রীয় গোপনীয়তা রক্ষা এবং সরকারি নিয়ম-নীতি কঠোরভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। প্রধানমন্ত্রী বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দেশকে একটি সুশৃঙ্খল ও জবাবদিহিমূলক ব্যবস্থাপনার দিকে এগিয়ে নেওয়া সম্ভব।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন