বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

চুরি করা গরুর মাংস দিয়ে ইফতার মাহফিল, লজ্জা নিয়ে যুক্তরাজ্য ফিরলেন প্রবাসী

ডেস্ক রিপোর্ট।।

সিলেটের ওসমানীনগর উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের গলমুখাপন গ্রামে চুরি হওয়া একটি গরু জবাই করে ইফতার মাহফিলের আয়োজনের অভিযোগে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর উপজেলাজুড়ে সমালোচনার ঝড় উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ‘ইউনাইটেড গলমুখাপন ট্রাস্ট’-এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ কয়েকটি গ্রামের প্রায় সহস্রাধিক রোজাদার অংশ নেন।

ইফতারের আগের দিন একই গ্রামের নাজমুল ইসলাম নামের এক ব্যক্তির একটি গরু পার্শ্ববর্তী মাঠ থেকে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরও তিনি গরুটির সন্ধান পাননি।

অভিযোগ রয়েছে, যুক্তরাজ্যপ্রবাসী আহমদ মধু ইফতারের জন্য তার বাড়ির কেয়ারটেকার সাঈদীকে তিনটি গরু কেনার টাকা দেন। কিন্তু গরু না কিনে নিখোঁজ হওয়া গরুটি মাঠ থেকে ধরে এনে জবাই করা হয়। পরে বাড়ির সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে বিষয়টি নিশ্চিত হওয়ার দাবি করেন গ্রামবাসী।

ঘটনা জানাজানি হলে গ্রামবাসী প্রবাসীর বাড়িতে গিয়ে কৈফিয়ত চান। পরে গরুর মালিককে ৭০ হাজার টাকা পরিশোধ করে বিষয়টি মীমাংসা করা হয় বলে স্থানীয়রা জানান। প্রবাসী আহমদ মধু একটি ভিডিও বার্তায় নিজেকে এ ঘটনার সঙ্গে সরাসরি জড়িত নন বলে দাবি করেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।

অভিযুক্ত কেয়ারটেকার সাঈদী ঘটনার পর থেকে পলাতক রয়েছেন বলে জানা গেছে।

এ বিষয়ে ওসমানীনগর থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরশেদুল আলম ভূঁইয়া বলেন, আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি এলাকায় সামাজিক ও নৈতিক প্রশ্নের জন্ম দিয়েছে বলে স্থানীয়রা মন্তব্য করেছেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন