দীর্ঘ চার দশক পর বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদে প্রার্থী দেওয়ার উদ্যোগ নিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানিয়েছেন, ৮১তম অধিবেশনের সভাপতিত্বের জন্য বাংলাদেশের প্রার্থিতা বিষয়ে সৌদি আরব সফরে গুরুত্বপূর্ণ আলোচনার আয়োজন করা হয়েছে।
শুক্রবার দিবাগত রাতে (২৮ ফেব্রুয়ারি) জেদ্দায় ফিলিস্তিন ইস্যুতে অনুষ্ঠিত ওআইসি নির্বাহী কমিটির বৈঠকের পর দেশে ফেরার সময় বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রী এসব তথ্য জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ওআইসিতে অন্তর্ভুক্ত বিভিন্ন দেশ বাংলাদেশের প্রার্থিতাকে সমর্থন করবে। সফরের সময় মালদ্বীপ, পাকিস্তান, তুরস্ক, ফিলিস্তিন ও সৌদি আরবের প্রতিনিধিদের সঙ্গে পৃথক বৈঠক হয়েছে। প্রতিনিধি পর্যায় থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নির্বাচনে বিজয়ের জন্য শুভেচ্ছা জানানো হয় এবং তার নেতৃত্বে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করা হয়।
পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, ফিলিস্তিন সংক্রান্ত বাংলাদেশের অবস্থান স্পষ্ট। ১৯৬৭ সালের আগের সীমানা অনুযায়ী এবং পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে বাংলাদেশ বরাবরই সমর্থন প্রদর্শন করে আসছে।
পাকিস্তান ও আফগানিস্তানের চলমান উত্তেজনা প্রসঙ্গে তিনি বলেন, এ ধরনের যুদ্ধ পরিস্থিতি অঞ্চল এবং বিশ্বের জন্য মঙ্গলজনক নয়। তবে বাংলাদেশ এ বিষয়ে প্রকাশ্যে কোনো অবস্থান নেবে না।

