জাতিসংঘ ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক হামলার নিন্দা জানিয়েছে। শনিবার সংস্থাটির মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক এক বিবৃতিতে এ নিন্দা জানান এবং সংশ্লিষ্ট সব পক্ষকে আলোচনায় ফিরে আসার আহ্বান জানান।
তিনি বলেন, “আজ সকালে ইরানজুড়ে ইসরাইল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক হামলা এবং পরবর্তীতে ইরানের প্রতিশোধমূলক হামলার নিন্দা জানাই।”
তুর্কের মতে, এ ধরনের সংঘাতের চূড়ান্ত মূল্য দিতে হয় বেসামরিক নাগরিকদের। তিনি সতর্ক করে বলেন, ক্ষেপণাস্ত্র ও বোমা কোনো সমাধান নয়; বরং তা “মৃত্যু, ধ্বংস এবং মানবিক দুর্দশা” ডেকে আনে।
তিনি আরও বলেন, বেসামরিক নাগরিকদের জন্য ভয়াবহ পরিণতি এড়াতে সংশ্লিষ্ট সব পক্ষকে সংযম প্রদর্শন করতে হবে, উত্তেজনা কমাতে হবে এবং আলোচনার টেবিলে ফিরে আসতে হবে।
বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক মহল ক্রমবর্ধমান উত্তেজনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

