যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ এবং সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আব্দোলরহিম মৌসাভি নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির আধাসরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ।
রোববার স্থানীয় সময় সকালে তারা নিহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে হামলার ক্ষয়ক্ষতি ও ঘটনার বিস্তারিত বিষয়ে এখনো আনুষ্ঠানিক পূর্ণাঙ্গ বিবৃতি পাওয়া যায়নি।
এর আগে শনিবার সকাল ৯টার দিকে ইরানের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সেদিনও দেশটির প্রতিরক্ষা কাঠামোর দুই গুরুত্বপূর্ণ ব্যক্তি নিহত হওয়ার খবর আসে। তারা হলেন ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর শীর্ষ কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপৌর এবং প্রতিরক্ষা উপদেষ্টা আলী শামখানি।
ধারাবাহিক এই হামলায় ইরানের সামরিক নেতৃত্বে বড় ধরনের শূন্যতা তৈরি হয়েছে বলে বিশ্লেষকদের ধারণা। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করছে।
ঘটনার পর আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে প্রতিক্রিয়া বাড়ছে। পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা।

