পাকিস্তানের বন্দরনগরী করাচিতে মার্কিন কনস্যুলেটে হামলার সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে ৯ জন নিহত এবং ১৮ জন আহত হয়েছেন। রোববার স্থানীয় সময় সকালে বিক্ষোভকারীরা করাচি কনস্যুলেট ভবনের সামনে জড়ো হয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। খবর নিশ্চিত করেছে জিও নিউজ।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিবাদে করাচির এম টি খান রোডে বিক্ষোভের আয়োজন করা হয়। পুলিশের সঙ্গে সংঘর্ষে আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে। বিক্ষোভকারীরা কনস্যুলেট ভবনে পাথর নিক্ষেপ করলে জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও রেঞ্জার মোতায়েন করা হয়।
সিন্ধু প্রাদেশিক সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল হাসান ঘটনার তদন্তে করাচির অতিরিক্ত আইজির কাছে বিস্তারিত প্রতিবেদন তলব করেছেন। তিনি বলেন, “কাউকে আইন নিজের হাতে তুলে নিতে দেওয়া হবে না।” এছাড়া প্রদেশজুড়ে স্পর্শকাতর স্থাপনায় নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।

