রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

শেয়ারবাজারে সূচকে বড় পতন, লেনদেনেও ভাটা

ডেস্ক রিপোর্ট।।

চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১ মার্চ) দেশের শেয়ারবাজারে বড় ধরনের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এ লেনদেনে অংশ নেওয়া ৩৮৯টি শেয়ার ও ইউনিটের মধ্যে মাত্র ৩০টির দাম বেড়েছে, বিপরীতে ৩৫৩টির দর কমেছে এবং ৬টির দাম অপরিবর্তিত রয়েছে।

লেনদেনের শুরুতেই রেকর্ড পতন

বাজার বিশ্লেষণে দেখা যায়, সকাল ১০টায় লেনদেন শুরু হওয়ার পরপরই অধিকাংশ শেয়ার দরপতনের তালিকায় চলে যায়। এতে মাত্র এক মিনিটের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২২৩ পয়েন্ট কমে যায়—যা এক মিনিটে সূচকের সর্বোচ্চ পতন হিসেবে বিবেচিত হচ্ছে। পরে কিছু শেয়ারের দাম বাড়ায় পতনের ব্যবধান কিছুটা কমে আসে।

দিনশেষে ডিএসইএক্স সূচক ১৩৯ পয়েন্ট কমে ৫ হাজার ৪৬২ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই শরিয়াহ সূচক ২৭ পয়েন্ট কমে ১ হাজার ৯০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৫২ পয়েন্ট কমে ২ হাজার ১১৭ পয়েন্টে নেমেছে।

লেনদেনেও ভাটা

বড় দরপতনের পাশাপাশি লেনদেনের পরিমাণও কমেছে। ডিএসইতে এদিন ৭৭৫ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবস বৃহস্পতিবারের ৯৪৭ কোটি ২৮ লাখ টাকার তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।

সিএসইতেও একই চিত্র

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-এও সব সূচকে বড় পতন হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ২৪৬ পয়েন্ট কমে ১৫ হাজার ৩৫১ পয়েন্টে নেমেছে। প্রধান সূচক সিএসসিএক্স ১৬৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৯ হাজার ৪২২ পয়েন্টে।

সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৮৪ প্রতিষ্ঠানের মধ্যে ৩৫টির দাম বেড়েছে, ১৩৮টির কমেছে এবং ১১টির দাম অপরিবর্তিত রয়েছে। মোট লেনদেন হয়েছে ১২ কোটি ৭৮ লাখ টাকা, যা আগের কার্যদিবসের ১৯ কোটি ৫৫ লাখ টাকার তুলনায় কম।

বিশ্লেষকদের মত

বাজার বিশ্লেষকদের মতে, পুঁজিবাজার অত্যন্ত সংবেদনশীল। বিশ্বে কোনো বড় ধরনের ভূরাজনৈতিক উত্তেজনা বা যুদ্ধ শুরু হলে তার প্রভাব দ্রুত শেয়ারবাজারে পড়ে। অতীতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন বৈশ্বিক সংঘাতের সময়ও বাংলাদেশের বাজারে নেতিবাচক প্রভাব দেখা গেছে।

তাদের মতে, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলাকে ঘিরে সৃষ্ট অনিশ্চয়তার প্রভাবেই এদিন বাজারে বড় পতন হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই নেতিবাচক প্রবণতা আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে।

উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের নেতৃত্ব পরিবর্তন ও ইতিবাচক বার্তার প্রভাবে বাজারে বড় উত্থান দেখা গিয়েছিল। ধারাবাহিক কয়েক দিনের ঊর্ধ্বমুখী প্রবণতার পরই এদিন বড় পতনের মুখে পড়ে শেয়ারবাজার।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন