সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

বিএনপি আদালতের মাধ্যমে সংস্কারকে বাধাগ্রস্ত করছে: আসিফ মাহমুদ

ডেস্ক রিপোর্ট।।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া অভিযোগ করেছেন, বিএনপি ‘ডুয়েল গেম’ খেলছে এবং আদালতের মাধ্যমে সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে।

সোমবার (২ মার্চ) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে দলটির নবগঠিত ‘সংস্কার বাস্তবায়নবিষয়ক কমিটি’র জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

আসিফ মাহমুদ বলেন, ‘এখানে সাপলুডু খেলার মতো ওপরে উদারতা দেখালেও ভেতরে বাধা তৈরি করা হচ্ছে। সিলেক্টিভ সংস্কার নিয়ে সরকারকে আদালতে যেতে হচ্ছে।’

তিনি দাবি করেন, আদালতে চলমান বিষয়গুলো নিয়ে আগেই শঙ্কা ছিল এবং এর পেছনে কারা আছে, তা স্পষ্ট। তার ভাষায়, ‘গণঅভ্যুত্থানের আগেও জনগণকে আদালতের মুখোমুখি করা হয়েছিল। এর মাধ্যমে বিএনপি নিজের সরকারের বৈধতাকেই প্রশ্নবিদ্ধ করছে।’

তিনি আরও বলেন, যদি সংশ্লিষ্ট রায় কার্যকর হয়, তাহলে বর্তমান সংসদও বাতিল হতে পারে, কারণ একই আদেশের মাধ্যমে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।

এনসিপি মুখপাত্র অভিযোগ করেন, বিএনপি সিলেক্টিভ সংস্কারের মাধ্যমে বাহাত্তরের সংবিধান রক্ষার চেষ্টা করছে। তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া–র বক্তব্যের প্রসঙ্গ টেনে বলেন, ‘খালেদা জিয়া বলেছিলেন, জনগণের সরকার এই সংবিধানকে ছুঁড়ে ফেলবে। কিন্তু তার সন্তান এখন এই সংবিধান রক্ষা করছে।’

তার দাবি, এর মাধ্যমে প্রমাণিত হয় যে এখনো জনগণের প্রত্যাশিত সংস্কার প্রতিষ্ঠিত হয়নি।

সংবাদ সম্মেলনে এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটির সদস্য জহিরুল হক মুসা বলেন, গণভোট, জুলাই সনদ ও সংস্কার পরিষদের বিরুদ্ধে ব্যক্তিগতভাবে রিট পিটিশন করা হলেও বিএনপির আইনজীবীরা দলীয়ভাবে শুনানিতে গণভোটের বিপক্ষে অংশ নেন।

তার অভিযোগ, শুনানিতে সংস্কার পরিষদের শপথ ও জুলাই সনদকে চ্যালেঞ্জ করা হয়েছে এবং একটি রাজনৈতিক ডকট্রিন ও জনগণের অভিপ্রায়কে আদালতে টেনে নেওয়া হচ্ছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন