রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

বর্ণবাদ ঠেকাতে কঠোর আইন আনছে ফিফা, বিশ্বকাপ থেকেই কার্যকর হতে পারে

ডেস্ক রিপোর্ট।।

ফুটবলে বর্ণবাদী আচরণ রোধে নতুন ও কঠোর আইন প্রণয়নের পরিকল্পনা করছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। মাঠে মুখ ঢেকে প্রতিপক্ষকে উদ্দেশ করে কিছু বললে সেটিকে সম্ভাব্য বর্ণবাদী আচরণ হিসেবে বিবেচনা করে সরাসরি লাল কার্ড দেখানোর বিধান রাখা হতে পারে বলে জানিয়েছেন সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ইঙ্গিত মিলেছে, আসন্ন ফুটবল বিশ্বকাপ থেকেই এই নিয়ম কার্যকর হতে পারে।

ইনফান্তিনো বলেন, কোনো খেলোয়াড় যদি মুখ ঢেকে কিছু বলেন, তাহলে সেখানে বর্ণবাদী সম্পৃক্ততার আশঙ্কা থাকে। এমন আচরণ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ফুটবলারকে তাৎক্ষণিকভাবে মাঠের বাইরে পাঠানো হতে পারে। তবে অভিযুক্ত খেলোয়াড় পরে দুঃখ প্রকাশ করলে শাস্তি হালকা করার সুযোগও বিবেচনায় রাখা হচ্ছে।

তিনি আরও বলেন, আবেগের বশে কেউ ভুল করতে পারে। কিন্তু নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাইলে শাস্তির ধরন ভিন্ন হতে পারে—এ বিষয়েও বিকল্প রাখা হচ্ছে।

সম্প্রতি ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতা চ্যাম্পিয়নস লিগ–এ রিয়াল মাদ্রিদ ও বেনফিকা–র ম্যাচে ঘটে যাওয়া একটি ঘটনা এই উদ্যোগকে আরও জোরালো করেছে বলে ধারণা করা হচ্ছে। ওই ম্যাচে ভিনিসিয়ুস জুনিয়র–এর বিরুদ্ধে বর্ণবাদী মন্তব্যের অভিযোগ ওঠে বেনফিকার আর্জেন্টাইন ফুটবলার জিয়ানলুকা প্রেসতিয়ান্নি–র বিরুদ্ধে। পরে তাকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়।

এ বিষয়ে বেনফিকার কোচ হোসে মরিনহো বলেন, অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট খেলোয়াড়ের সঙ্গে তার এবং দলের সম্পর্ক শেষ হবে। যদিও শুরু থেকেই নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছেন প্রেসতিয়ান্নি।

বিশ্লেষকদের মতে, ফিফার নতুন এই উদ্যোগ কার্যকর হলে মাঠে বর্ণবাদী আচরণ কমাতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন