আসন্ন ২০২৬–২৭ অর্থবছরের বাজেট প্রণয়নে অংশগ্রহণমূলক প্রক্রিয়া নিশ্চিত করতে ব্যবসায়ী সংগঠনগুলোর কাছ থেকে প্রস্তাবনা আহ্বান করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
সংস্থাটি জানিয়েছে, আগামী ১৫ মার্চের মধ্যে দেশের বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশনকে তাদের নিজ নিজ বাজেট প্রস্তাব লিখিতভাবে দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর কাছে জমা দিতে হবে। একই সঙ্গে প্রস্তাবের একটি সফটকপি ই-মেইল ঠিকানা nbrbudget2026@gmail.com-এ পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখ এ তথ্য নিশ্চিত করেন।
এনবিআর জানায়, নতুন অর্থবছরের বাজেট প্রণয়নের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। একটি গণমুখী, ন্যায়সঙ্গত ও সময়োপযোগী বাজেট তৈরির লক্ষ্যে করদাতা, শিল্প ও বণিক সমিতি, ট্রেড অ্যাসোসিয়েশন, পেশাজীবী সংগঠন, গবেষণা প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতামতকে গুরুত্ব দেওয়া হবে।
রাজস্ব আহরণ প্রক্রিয়াকে আরও কার্যকর, স্বচ্ছ ও প্রতিনিধিত্বশীল করতে সংশ্লিষ্ট সব পক্ষকে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে সংস্থাটি।

