বাংলাদেশের নাগরিকদের জন্য ভারতীয় ভিসা কার্যক্রম খুব শিগগিরই পুনরায় চালু হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে সালথা উপজেলার আটঘর ইউনিয়নের খোয়াড় গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদান বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, ইতোমধ্যে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশন ঢাকার হাইকমিশনারের সঙ্গে বৈঠক হয়েছে এবং ভিসা কার্যক্রম পুনরায় চালুর বিষয়ে তারা ইতিবাচক মনোভাব দেখিয়েছেন।
শামা ওবায়েদ বলেন, “খুব দ্রুত যেন ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হয়ে যায় এবং বাংলাদেশের নাগরিকরা যাতে ভারতে যেতে পারেন, সে বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে।”
অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

