দুর্নীতি দমন কমিশন (দুদক)–এর চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন এবং দুই কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও হাফিজ আহ্সান ফরিদ পদত্যাগপত্র জমা দিয়েছেন।
মঙ্গলবার (৩ মার্চ) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী। তিনি বলেন, ব্যক্তিগত কারণ দেখিয়ে নিয়মতান্ত্রিকভাবেই পদত্যাগ করেছেন এবং এটি কোনো চাপের মুখে নয়। নতুন পর্ষদ গঠিত হবে বলেও জানান তিনি।
অন্যদিকে দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেন, তিনি এখনও পদত্যাগপত্র জমা দেননি, তবে শিগগিরই তা করবেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ১০ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ অনুযায়ী ড. মোহাম্মদ আবদুল মোমেনকে দুদকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। একই সময়ে দুই কমিশনারও নিয়োগ পান। প্রজ্ঞাপন অনুযায়ী, চেয়ারম্যানের বেতন-ভাতা ও পদমর্যাদা সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারকের সমপর্যায়ের এবং কমিশনারদের বেতন-ভাতা ও পদমর্যাদা হাইকোর্ট বিভাগের বিচারকের সমপর্যায়ের নির্ধারণ করা হয়।

