রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

শুটিং সেটে মারধরের অভিযোগ, তানজিন তিশার বিরুদ্ধে মুখ খুললেন সামিয়া অথৈ

ডেস্ক রিপোর্ট।।

ছোট পর্দার পরিচিত মুখ সামিয়া অথৈ শুটিং সেটে মারধরের অভিযোগ তুলেছেন আলোচিত অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে।

সোমবার রাতে ফেসবুক লাইভে এসে নিজের রক্তাক্ত হাত ও ফোলা চোখ দেখিয়ে ঘটনার বর্ণনা দেন অথৈ। লাইভের ক্যাপশনে তিনি লেখেন, “শুটিং সেটে তানজিন তিশা কেন আমাকে মারল? এর সঠিক বিচার চাই। সম্মান সবার প্রাপ্য।”

লাইভে অথৈ দাবি করেন, শুটিংয়ের প্রথম দিন থেকেই তিশার আচরণ অস্বাভাবিক ছিল। তিনি বলেন, “তিশা আপুর জন্য একটি উপহার নিয়ে গিয়েছিলাম, কিন্তু তিনি তা গ্রহণ করেননি। প্রথম দৃশ্য শুরু হতেই তিনি আমাকে মারেন, এতে আমার হাত রক্তাক্ত হয়।”

ঘটনাস্থলে উপস্থিত অভিনেতা শহীদুজ্জামান সেলিম ও নির্মাতা রিংকু বিষয়টি দেখে বিস্ময় প্রকাশ করেন বলেও দাবি করেন অথৈ।

পুরোনো ব্যক্তিগত বিরোধের ইঙ্গিত দিয়ে অথৈ আরও অভিযোগ করেন, সহশিল্পী মুশফিক আর ফারহানর সঙ্গে কাজ করা নিয়ে অতীতে তিশা আপত্তি তুলেছিলেন। তার ভাষ্য, “ফারহান আমার জামাই হয়”—এমন মন্তব্য করে তাকে হুমকি দেওয়া হয়েছিল। একই ধরনের আচরণের শিকার অন্য শিল্পীরাও হয়েছেন বলে দাবি করেন তিনি।

শেষ দৃশ্যের প্রসঙ্গে অথৈ বলেন, চিত্রনাট্য অনুযায়ী একটি চড়ের দৃশ্য ছিল। তিনি আলতোভাবে অভিনয় করলেও পাল্টা তিশা জোরে আঘাত করেন, এতে তার চোখ ফুলে যায় এবং কথা বলতে সমস্যা হয়।

এ বিষয়ে তানজিন তিশার বক্তব্য এখনো পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে তার প্রতিক্রিয়া জানার চেষ্টা চলছে।

উল্লেখ্য, সামাজিক মাধ্যমে এ ঘটনা নিয়ে ইতোমধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন