বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

চাঁদাবাজ ও অস্ত্রধারীদের দমনে দেশজুড়ে শিগগিরই বিশেষ অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট।।

চাঁদাবাজ ও অস্ত্রধারী দাগি আসামিদের বিরুদ্ধে ঢাকাসহ সারাদেশে সাঁড়াশি অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার (৪ মার্চ) বেলা ১১টায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদরদপ্তরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, “ঢাকা থেকে শুরু হবে। সারাদেশেই চাঁদাবাজ, অস্ত্রধারী ও দাগি আসামিদের নির্মোহ তালিকা করা হচ্ছে। তালিকা প্রণয়ন শেষে অভিযান চালিয়ে তাদের আইনের আওতায় আনা হবে।”

তিনি জনগণের সহযোগিতা কামনা করে বলেন, দেশের শান্তিশৃঙ্খলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। পরিকল্পনা অনুযায়ী খুব শিগগিরই কার্যক্রম দৃশ্যমান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তিনি ডিএমপি সদরদপ্তর পরিদর্শন করে অতিরিক্ত কমিশনার, যুগ্ম কমিশনার, ডিসি, এডিসি এবং ৫০ থানার ওসিদের সঙ্গে কথা বলেছেন। তাদের সমস্যার কথা শুনেছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

তিনি বলেন, বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জনগণের স্বস্তি নিশ্চিত করা এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা। এ ক্ষেত্রে পুলিশের ভূমিকা অগ্রগণ্য।

বিগত সরকারের সময় পুলিশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, একটি ‘ফ্যাসিবাদী শাসনব্যবস্থার’ কারণে অন্যান্য প্রতিষ্ঠানের মতো পুলিশও ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে সেই দায় পুরো প্রতিষ্ঠানের নয়, বরং কিছু ব্যক্তির কর্মকাণ্ডের কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছিল।

তিনি দাবি করেন, পুলিশ বাহিনী ঐতিহাসিক ভূমিকার জায়গায় ফিরে এসেছে এবং জনগণের বন্ধু হিসেবে কাজ করবে। কর্মকর্তাদের ‘সংকল্পবদ্ধ’ মনোভাব লক্ষ্য করেছেন বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন