বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

খামেনির বিদায় অনুষ্ঠান স্থগিত

ডেস্ক রিপোর্ট।।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত আয়াতুল্লাহ আলি খামেনি-এর রাষ্ট্রীয় বিদায় ও শোক অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। বুধবার দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমে এই তথ্য জানানো হয়।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী বুধবার রাতে তিন দিনব্যাপী শোক অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, অনুষ্ঠানের জন্য সমস্ত প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। তবে তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, প্রয়োজনীয় অবকাঠামোগত প্রস্তুতি পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত অনুষ্ঠান স্থগিত রাখা হয়েছে। নতুন তারিখ এখনও ঘোষণা করা হয়নি।

দেশটির সরকারি এক কর্মকর্তা জানিয়েছেন, ‘লজিস্টিক’ বা ব্যবস্থাপনাগত জটিলতার কারণে অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। এছাড়া বিভিন্ন প্রদেশ থেকে সাধারণ মানুষ অনুষ্ঠানে অংশ নেওয়ার আকুতি জানিয়েছে। তাদের জন্য আয়োজনের পরিধি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত শনিবার তেহরানে নিজ কার্যালয়ে গোপন বৈঠক করার সময় মার্কিন ও ইসরায়েলি হামলায় খামেনি নিহত হন। এই ঘটনার পর ইরান সরকার ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। হামলায় ইরানের কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ও শত শত বেসামরিক নাগরিকও প্রাণ হারিয়েছেন।

এই হামলার প্রতিবাদ ও পাল্টা জবাব হিসেবে ইরান ‘অপারেশন ট্রু প্রমিজ-৪’ শুরু করেছে। এর আওতায় মধ্যপ্রাচ্যে অবস্থিত ইসরায়েলি সামরিক স্থাপনা ও যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি লক্ষ্য করে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হচ্ছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন