বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

খুলনায় প্রকাশ্যে গুলি ও কুপিয়ে শ্রমিক দল নেতা মাসুম বিল্লাহ হত্যা, আটক ১

ডেস্ক রিপোর্ট।।

খুলনা নগরীতে মাসুম বিল্লাহ নামে শ্রমিক দলের এক নেতাকে প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৪ মার্চ) রাত ৯টার দিকে নগরের ডাকবাংলো মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত মাসুম বিল্লাহ রূপসা উপজেলার বাগমারা গ্রামের মৃত মিনহাজ উদ্দীন মুন্সীর ছেলে। তিনি রূপসা–বাগেরহাট আন্তজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি এবং উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত ৯টার দিকে পরিবারের সদস্যদের সঙ্গে ডাকবাংলো মোড়ের একটি দোকানের সামনে ঈদের কেনাকাটা করছিলেন মাসুম বিল্লাহ। এ সময় ৬ থেকে ৭ জনের একটি সশস্ত্র দল হঠাৎ তাকে ঘিরে ফেলে। পরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। একপর্যায়ে মৃত্যু নিশ্চিত করতে তাকে গুলি করা হয়।

গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালানোর চেষ্টা করে। এ সময় সেখানে দায়িত্বরত এক ট্রাফিক পুলিশ সদস্য ও জনতার সহায়তায় অশোক ঘোষ নামের একজনকে একটি বিদেশি পিস্তলসহ আটক করা হয়।

পরে গুরুতর আহত অবস্থায় মাসুম বিল্লাহকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল (খুমেক) এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন