ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে চলতি বছরে প্রথমবার মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। আসন্ন সিরিজকে সামনে রেখে বৃহস্পতিবার দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ঘোষিত দলে অধিনায়ক করা হয়েছে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে। সর্বশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন নুরুল হাসান সোহান, জাকের আলি ও শামীম পাটোয়ারী। অন্যদিকে দীর্ঘদিন পর দলে ফিরেছেন অলরাউন্ডার আফিফ হোসেন।
বাংলাদেশের ঘোষিত স্কোয়াড:
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুরে অবস্থিত শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামী ১১, ১৩ ও ১৫ মার্চ। প্রতিটি ম্যাচ শুরু হবে দুপুর ২টা ১৫ মিনিটে।
এদিকে আইসিসির বড় আসরের বাইরে চলতি বছরে বাংলাদেশের সামনে ব্যস্ত আন্তর্জাতিক সূচি রয়েছে। বাংলাদেশ দল ২০২৬ সালে মোট নয়টি দ্বিপাক্ষিক সিরিজ খেলবে বলে জানা গেছে। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শেষ হওয়ার পর এপ্রিল মাসে আবারও বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে পাকিস্তান দলের।

