বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

৪০ কোটি টাকা পাচার: বিডার সাবেক সদস্যসহ স্ত্রী-সন্তানের বিরুদ্ধে মামলা

ডেস্ক রিপোর্ট।।

প্রতারণা ও অর্থ পাচারের অভিযোগে সাবেক সচিব ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর সাবেক নির্বাহী সদস্য মো. খায়রুল ইসলাম (মান্নান), তার স্ত্রী ও পুত্রের বিরুদ্ধে ৪০ কোটি টাকার মানিলন্ডারিংয়ের মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

শুক্রবার (৬ মার্চ) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

সিআইডি সূত্র জানায়, অভিযুক্তরা খায়রুল ইসলামের স্ত্রী ইসরাত জাহান মিমের নামে মেঘমালা ইন্টারন্যাশনাল লিমিটেড এবং তার ছেলে মোরসালিন ইসলাম সৌরদ্বীপের নামে মেঘমালা স্টেট লিমিটেড নামে দুটি প্রতিষ্ঠান গঠন করেন। পরে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ২০১২ সালে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের গুলশান শাখা থেকে প্রতিটি প্রতিষ্ঠানের নামে ২০ কোটি টাকা করে মোট ৪০ কোটি টাকা ঋণ নেন।

তদন্তে জানা যায়, ঋণের অর্থের প্রকৃত উৎস আড়াল করতে তা বিভিন্ন ব্যাংক হিসাবে স্থানান্তর করা হয়। ভুয়া প্রতিষ্ঠানের মাধ্যমে নেওয়া ঋণের অর্থ মোরসালিন ইসলাম সৌরদ্বীপের ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ধানমন্ডি শাখার হিসাবে জমা করা হয়।

পরবর্তীতে সেখান থেকে ৪০ কোটি টাকা ডেবিট করে ব্যাংকের বনশ্রী শাখায় ‘ইউনিয়ন ব্যাংক (প্রস্তাবিত)’ নামে একটি হিসাবে স্থানান্তর করা হয়।

সিআইডি জানায়, প্রতারণার মাধ্যমে নেওয়া ওই ঋণের অর্থ দিয়ে মোরসালিন ইসলাম সৌরদ্বীপ ইউনিয়ন ব্যাংক প্রতিষ্ঠার সময় স্পন্সর শেয়ার ক্রয় করেন। ফলে ঋণের ৪০ কোটি টাকা পরিশোধ না করে তা আত্মসাৎ করা হয় এবং অর্থ স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে মানিলন্ডারিং করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় সাবেক সচিব খায়রুল ইসলাম (মান্নান), তার পুত্র মোরসালিন ইসলাম সৌরদ্বীপ এবং স্ত্রী ইসরাত জাহানের বিরুদ্ধে গুলশান থানায় মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে।

মামলাটির তদন্ত কার্যক্রম বর্তমানে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট পরিচালনা করছে।

সিআইডি জানিয়েছে, অর্থ পাচার ও আর্থিক অপরাধ দমনে সংস্থাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে এবং এ ধরনের অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে অনুসন্ধান ও তদন্ত অব্যাহত থাকবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন