রাঙ্গামাটিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সাত নেতা পদত্যাগ করেছেন। তারা দলের কেন্দ্রীয় কমিটির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানা গেছে।
পদত্যাগকারী নেতারা হলেন—এনসিপির রাঙ্গামাটি জেলা শাখার যুগ্ম সদস্য সচিব উজ্জল চাকমা, সংগঠনিক সম্পাদক দিবাকর চাকমা, সংগঠনিক সম্পাদক মিশন চাকমা, সহ-সাংগঠনিক সম্পাদক ঊষাপ্রু মারমা, দপ্তর সম্পাদক প্রনয় বিকাশ চাকমা, সদস্য বিনয় চাকমা এবং সদস্য সুলেখা চাকমা।
দলটির এসব নেতা তাদের পদত্যাগপত্রের কপি সামাজিক যোগাযোগমাধ্যমেও শেয়ার করেছেন।
পদত্যাগপত্রে উজ্জল চাকমা উল্লেখ করেন, অনেক আশা-আকাঙ্ক্ষা নিয়ে তিনি এনসিপিতে যোগ দিয়েছিলেন। ‘জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে জাতীয় নাগরিক পার্টিকে এক সময় বহুমাত্রিক ও বহুত্ববাদে বিশ্বাসী একটি দল মনে হয়েছিল,’—লিখেন তিনি।
তবে সাম্প্রতিক জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দলটি একটি বৃহৎ রাজনৈতিক দলের সঙ্গে জোট গঠন করায় তাদের আদর্শিক অবস্থান থেকে সরে এসেছে বলে মনে করছেন তিনি। এ কারণে তার পক্ষে দলের আদর্শ ধারণ করা সম্ভব হচ্ছে না উল্লেখ করে তিনি দলীয় সব কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
এ বিষয়ে জানতে উজ্জল চাকমার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোনে সংযোগ পাওয়া যায়নি।
এদিকে এনসিপির রাঙ্গামাটি জেলা কমিটির আহ্বায়ক বিপিন জ্যোতি চাকমা বলেন, তিনি শুনেছেন জেলা শাখার আহ্বায়ক কমিটির কয়েকজন নেতা পদত্যাগ করেছেন। তবে এখন পর্যন্ত তার কাছে কোনো লিখিত আবেদন পৌঁছেনি।
তিনি বলেন, “হঠাৎ করে গণহারে এভাবে পদত্যাগের কারণ কী, তা আমরা সাংগঠনিকভাবে খতিয়ে দেখবো।”

