নেপালের সাধারণ নির্বাচনের ভোট গণনা চলমান রয়েছে। প্রাথমিক ফলাফলে তরুণ প্রজন্মের সমর্থিত রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি) বড় ব্যবধানে এগিয়ে রয়েছে। এ ধারা অব্যাহত থাকলে দলটি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে এগোতে পারে বলে ধারণা করা হচ্ছে।
দলটির অন্যতম আলোচিত প্রার্থী কাঠমান্ডুর সাবেক মেয়র ও জনপ্রিয় র্যাপার বালেন্দ্র শাহ, যিনি ‘বালেন’ নামে পরিচিত। চলতি বছরের সেপ্টেম্বরে নেপালে ঘটে যাওয়া গণ-অভ্যুত্থানের সময় তরুণদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।
আরএসপির চেয়ারম্যান সাবেক উপ-প্রধানমন্ত্রী রবি লামিছানে। তিনি আগে একজন টেলিভিশন সাংবাদিক ছিলেন এবং দুর্নীতির বিরুদ্ধে সরব অবস্থানের কারণে দেশজুড়ে পরিচিতি পান।
প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে, বালেন্দ্র শাহ ঝাপা-৫ আসনে এগিয়ে রয়েছেন। সেখানে তার প্রধান প্রতিদ্বন্দ্বী কমিউনিস্ট পার্টি অব নেপাল (ইউএমএল)-এর প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি।
এখন পর্যন্ত পাওয়া ফলাফলে দেখা গেছে, ১৬৫টি প্রত্যক্ষ আসনের মধ্যে আরএসপি এগিয়ে রয়েছে প্রায় ৯০টিতে। অন্যদিকে ওলির দল এগিয়ে রয়েছে ৮টি আসনে। নেপালের পুরোনো দল নেপালি কংগ্রেস এগিয়ে আছে ৯টি আসনে।
আরেক সাবেক প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল (প্রচণ্ড)-এর দল এগিয়ে রয়েছে ৭টি আসনে। তিনি নিজে রুকুম পূর্ব-১ আসনে এগিয়ে রয়েছেন।
গত সেপ্টেম্বরে তরুণদের নেতৃত্বে হওয়া গণ-অভ্যুত্থানের মুখে ওলি সরকারের পতন ঘটে। এর তিন দিন পর দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কী অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। পরে নির্বাচন কমিশন ৫ মার্চ জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করে।
বিশ্লেষকদের মতে, এবারের নির্বাচনে নেপালের তরুণ ভোটাররা প্রচলিত রাজনৈতিক দলের বাইরে নতুন নেতৃত্বের ওপর আস্থা রাখছেন।

