প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, পরিকল্পিতভাবে যাকাত বণ্টন করা গেলে আগামী ১০ থেকে ১৫ বছরের মধ্যে দেশে দারিদ্র্য বিমোচনে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।
শনিবার (৭ মার্চ) রাজধানীর যমুনায় আলেম-ওলামা, মাশায়েখ ও এতিমদের সম্মানে পবিত্র রমজানের ১৭তম দিনে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দেশে বর্তমানে প্রায় চার কোটি পরিবার রয়েছে। এর মধ্যে দরিদ্র পরিবারগুলোকে চিহ্নিত করে প্রতিবছর পর্যায়ক্রমে পাঁচ লাখ পরিবারকে এক লাখ টাকা করে যাকাত দেওয়া হলে অনেক পরিবার পরের বছর আর যাকাতের ওপর নির্ভরশীল থাকবে না।
আলেম-ওলামাদের উদ্দেশে তিনি বলেন, এ উদ্যোগ বাস্তবায়নে বিত্তবানদের সচেতন করার ক্ষেত্রে ধর্মীয় নেতাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
তিনি আরও জানান, যাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ধর্ম মন্ত্রণালয়ের অধীনে থাকা যাকাত বোর্ড পুনর্গঠন করা যেতে পারে। তার মতে, সঠিকভাবে যাকাত ব্যবস্থাপনা করতে পারলে বাংলাদেশকে ইসলামী বিশ্বের সামনে একটি মডেল হিসেবে তুলে ধরা সম্ভব।
তারেক রহমান বলেন, বিভিন্ন গবেষণা অনুযায়ী দেশে প্রতিবছর প্রায় ২০ থেকে ২৫ হাজার কোটি টাকার যাকাত আদায় হয়। তবে সুনির্দিষ্ট পরিকল্পনার অভাবে সেই অর্থ দারিদ্র্য কমাতে কতটা কার্যকর ভূমিকা রাখছে তা নিয়ে প্রশ্ন রয়েছে।
এ সময় তিনি রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানোর প্রবণতারও সমালোচনা করেন। তিনি বলেন, “রমজান সংযমের মাস। এ মাসে অসাধু উপায়ে লাভের চেষ্টা না করে মানুষের কষ্ট লাঘবে ব্যবসায়ীদের এগিয়ে আসা উচিত।”
বৈশ্বিক পরিস্থিতির কারণে ব্যয় সংকোচনের অংশ হিসেবে এবারের রমজানে সীমিত পরিসরে ইফতার আয়োজন করা হয়েছে বলেও জানান তিনি।

