বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

ইরান যুদ্ধের জন্য ট্রাম্পের ‘ভুল হিসাব’ দায়ী, তাকে মাশুল গুণতেই হবে: আলী লারিজানি

ডেস্ক রিপোর্ট।।

ইরানে চলমান যুদ্ধ পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘আন্তর্জাতিক ভুল হিসাব-নিকাশ’ দায়ী বলে মন্তব্য করেছেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি। তিনি বলেছেন, এই ভুলের জন্য ট্রাম্পকে মাশুল গুনতেই হবে এবং তার আগ পর্যন্ত ইরান পিছু হটবে না।

শনিবার ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে লারিজানি বলেন, বর্তমানে ইরান ও মধ্যপ্রাচ্যে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা মূলত প্রেসিডেন্ট ট্রাম্পের ভুল আন্তর্জাতিক হিসাবের ফল।

তিনি বলেন, “ট্রাম্প ভেবেছিলেন ভেনেজুয়েলায় যে কৌশল প্রয়োগ করেছিলেন, এখানেও একই মডেল প্রয়োগ করবেন। কিন্তু তা করতে গিয়ে তিনি নিজেই জটিল পরিস্থিতিতে পড়েছেন।”

লারিজানির মতে, এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য একটি কৌশলগত অচলাবস্থা তৈরি করেছে এবং ওয়াশিংটন এখন নিজেদের ভুল সিদ্ধান্তের পরিণতির মধ্যে আটকে পড়েছে।

তিনি আরও বলেন, “আমরা ট্রাম্পকে ছাড়ব না। তিনি যে ভুল করেছেন, তার জন্য তাকে মূল্য দিতে হবে।”

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত তেহরান ও ওয়াশিংটনের মধ্যে টানা ২১ দিন আলোচনা চলে। তবে শেষ পর্যন্ত কোনো সমঝোতা ছাড়াই সেই সংলাপ শেষ হয়।

এর পরদিন ২৮ ফেব্রুয়ারি ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ নামে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। একই সময়ে ইসরায়েলও ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামে পৃথক সামরিক অভিযান শুরু করে।

এর পাল্টা প্রতিক্রিয়ায় ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে দফায় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান।

 

সূত্র: সিএনএন

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন