বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

বিএনপি-দু’গ্রুপের ইফতার মাহফিলকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি

ডেস্ক রিপোর্ট।।

 

ঝিনাইদহের কালীগঞ্জে একই স্থানে বিএনপির দুটি গ্রুপের ইফতার মাহফিলকে কেন্দ্র করে সংঘর্ষের আশঙ্কায় উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।

রোববার (৮ মার্চ) সকালে পৌর এলাকার নলডাঙ্গা সড়কের লাটা স্ট্যান্ডের পেছনের মাঠে এই নির্দেশনা জারি করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপি থেকে বহিষ্কৃত সংসদ নির্বাচনে সতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ ওই মাঠে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট আবেদন করলে প্রশাসন প্রাথমিকভাবে মৌখিক অনুমতি প্রদান করে।

তবে একই সময়ে ধানের শীষের প্রার্থী রাশেদ খানের পক্ষ থেকেও একই স্থানে পাল্টা ইফতার মাহফিলের অনুমতি চাওয়া হয়। দুই পক্ষের অনড় অবস্থানের কারণে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এই পরিস্থিতিতে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা বা সংঘর্ষ এড়াতে সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। ওই ধারা অনুযায়ী সকল ধরনের সভা-সমাবেশ ও গণজমায়েত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজেওয়ানা নাহিদ জানান, “জননিরাপত্তার স্বার্থে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” সংশ্লিষ্ট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন