রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

জ্বালানি সাশ্রয়ে আগামীকাল থেকে দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত

ডেস্ক রিপোর্ট।।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে দেশের সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর নির্দেশে ঈদুল ফিতরের ছুটি এগিয়ে এনে সোমবার (৯ মার্চ) থেকে বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ রাখা হবে।

রোববার (৮ মার্চ) শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, বর্তমান বৈশ্বিক পরিস্থিতি মোকাবিলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। এ লক্ষ্যে সব বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে বলা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা বাস্তবায়ন এবং পবিত্র রমজান উপলক্ষে ৯ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়সমূহের একাডেমিক ক্যালেন্ডারে উল্লেখিত সময় পর্যন্ত সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

এদিকে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য বিশ্ববিদ্যালয়গুলোকে বেশ কিছু নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে। এর মধ্যে রয়েছে—

  • দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার না করা এবং জানালা-দরজা খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করা।
  • প্রয়োজনের অতিরিক্ত লাইট ব্যবহার না করা এবং বিদ্যমান আলোর অর্ধেক ব্যবহার করা।
  • অফিস চলাকালে প্রয়োজন ছাড়া লাইট, ফ্যান, এসিসহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখা।
  • এসি ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরে রাখা।
  • কক্ষ ত্যাগের সময় বাতি, ফ্যান, এসিসহ সব বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করা।
  • করিডোর, সিঁড়ি ও ওয়াশরুমে অপ্রয়োজনীয় বাতি ব্যবহার বন্ধ রাখা।
  • অফিস শেষে লাইট, ফ্যান, কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার ও এসিসহ সব যন্ত্রপাতি বন্ধ নিশ্চিত করা।
  • অপ্রয়োজনীয় আলোকসজ্জা পরিহার করা এবং বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার করা।
  • গাড়ির ব্যবহার সীমিত রাখা এবং জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তথ্যানুযায়ী, বর্তমানে দেশে পাবলিক ও প্রাইভেট মিলিয়ে মোট ১৭২টি বিশ্ববিদ্যালয় রয়েছে। এর মধ্যে সরকারি বিশ্ববিদ্যালয় ৫৬টি এবং অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে ১১৬টি। তবে কয়েকটি বিশ্ববিদ্যালয়ে এখনো শিক্ষা কার্যক্রম শুরু হয়নি।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন