বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনি

ডেস্ক রিপোর্ট।।

ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা (সুপ্রিম লিডার) হিসেবে নির্বাচিত হয়েছেন মোজতবা হোসেইনি খামেনি। রোববার (৮ মার্চ) বাংলাদেশ সময় দিবাগত রাত সোয়া ৩টার দিকে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে তার নাম ঘোষণা করা হয়। খবর আল জাজিরার।

ইরানের সংবিধান অনুযায়ী ৮৮ জন ধর্মীয় ব্যক্তিত্ব নিয়ে গঠিত অ্যাসেম্বলি অব এক্সপার্ট দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচন করে। সর্বশেষ ভোটাভুটিতে তারা মোজতবা খামেনিকে ইরানের নতুন সুপ্রিম লিডার হিসেবে নির্বাচিত করেন। তিনি সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির দ্বিতীয় ছেলে।

গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে নিজ বাসভবনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলি খামেনি। ওই হামলায় তার মেয়ে, নাতি ও জামাইসহ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাও নিহত হন। এরপর থেকেই মোজতবা খামেনিকে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে আলোচনা শুরু হয়।

নতুন নেতার প্রতি সমর্থন জানাতে দেশটির জনগণকে আহ্বান জানিয়েছে অ্যাসেম্বলি অব এক্সপার্ট। একই সঙ্গে ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) ও সশস্ত্র বাহিনী মোজতবা খামেনির প্রতি আনুগত্য ঘোষণা করেছে।

আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, তারা নতুন সুপ্রিম লিডারের প্রতি আন্তরিক ও আজীবন আনুগত্য প্রকাশ করছে এবং তার নির্দেশনা বাস্তবায়নে সর্বদা প্রস্তুত থাকবে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মোজতবা খামেনি কখনো সরাসরি কোনো সরকারি পদে দায়িত্ব পালন করেননি এবং কোনো নির্বাচনে অংশ নেননি। তবে তার বাবা সুপ্রিম লিডার থাকাকালে ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে তার প্রভাব ছিল উল্লেখযোগ্য। ইসলামিক রেভোল্যুশনারি গার্ডের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কও রয়েছে বলে ধারণা করা হয়।

আয়াতুল্লাহ আলি খামেনি বৃদ্ধ হয়ে পড়ার পর থেকেই মোজতবা খামেনিকে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছিল। বর্তমানে ৫৬ বছর বয়সী এই ধর্মীয় নেতা এ বিষয়ে আগে কখনো প্রকাশ্যে মন্তব্য করেননি।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েক দিন আগে মন্তব্য করেন, মোজতবা খামেনি যদি সুপ্রিম লিডার হন, তা যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য হবে না। তবে তার ওই বক্তব্যের পরও ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্ট তাকে দেশের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে নির্বাচন করেছে।

 

সূত্র: আল জাজিরা

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন