আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইতিহাস গড়ে টি–টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারত। প্রথম দল হিসেবে টানা দ্বিতীয়বার এই প্রতিযোগিতার ট্রফি জয়ের কীর্তি গড়েছে তারা। একই সঙ্গে রেকর্ড তৃতীয়বারের মতো শিরোপা ঘরে তুলেছে মেন ইন ব্লুরা।
রোববার (৮ মার্চ) রাতে অনুষ্ঠিত ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে ঘরের দর্শকদের সামনে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পায় গৌতম গম্ভীরের দল। ম্যাচ শেষে মাঠেই নেচে-গেয়ে শিরোপা জয় উদযাপন করেন ভারতীয় ক্রিকেটাররা।
চলতি বিশ্বকাপের জন্য প্রায় ১৬০ কোটি টাকার প্রাইজমানি ঘোষণা করেছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আগের আসরের তুলনায় এবার পুরস্কারের অর্থ ২০ শতাংশ বাড়ানো হয়েছে।
চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে ভারত পেয়েছে প্রায় ৩৬ কোটি ৫৭ লাখ টাকা। এর আগে ২০২৪ সালের আসরে শিরোপা জিতে ভারত পেয়েছিল প্রায় সাড়ে ২৯ কোটি টাকা। অর্থাৎ এবার তারা আগের চেয়ে প্রায় সাত কোটি টাকা বেশি পুরস্কার পেয়েছে।
অন্যদিকে ফাইনালে হেরে রানার্সআপ হওয়া নিউজিল্যান্ড পেয়েছে প্রায় সাড়ে ১৯ কোটি টাকা।
এছাড়া সেমিফাইনালে বিদায় নেওয়া প্রতিটি দল পেয়েছে ৯ কোটি ৬৩ লাখ টাকা করে। সুপার এইট পর্বে অংশ নেওয়া দলগুলোর প্রত্যেকে পেয়েছে ৪ কোটি ৬৩ লাখ টাকা করে। আর গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দলগুলোর প্রত্যেকের ব্যাংক হিসাবে গেছে ৩ কোটি টাকা।
গতবার আইসিসির প্রাইজমানির বাইরে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) চ্যাম্পিয়ন দলকে অতিরিক্ত ১২৫ কোটি রুপি পুরস্কার দিয়েছিল। এবার ঘরের মাঠে বিশ্বকাপ জয়ের পর সূর্যকুমার যাদবদের জন্য আরও বড় অঙ্কের পুরস্কার ঘোষণা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

