রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

পূর্ব শত্রুতার জেরে শাহজাহানপুরে অটোরিকশা মালিককে কুপিয়ে হত্যা

ডেস্ক রিপোর্ট।।

 

রাজধানীর শাহজাহানপুরের শান্তিবাগ এলাকার ভাঙারি গলি এলাকায় পূর্ব শত্রুতার জেরে সিকান্দার মিয়া (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তিনি ব্যাটারিচালিত অটোরিকশার মালিক ছিলেন বলে পরিবারের দাবি।

সোমবার (৯ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে তার মৃত্যু হয়।

নিহতের বড় ভাই আমির আলী জানান, রাতে বাসায় ফেরার পথে শান্তিবাগের ভাঙারি গলি এলাকায় পৌঁছালে মো. হান্নান, মামুনসহ তিন থেকে চারজন সিকান্দারকে ঘিরে ধরে। পরে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি আরও জানান, পূর্ব শত্রুতার জেরে মো. হান্নান ও মামুন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে তারা জানতে পেরেছেন।

নিহত সিকান্দার মিয়ার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার তিতাস থানার গাজীপুর এলাকায়। তার বাবার নাম আব্দুর রব। বর্তমানে তিনি শাহজাহানপুরের শান্তিবাগ এলাকায় বসবাস করতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন