বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

টাঙ্গাইলে স্কুল ভবন থেকে পড়ে নবম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

ডেস্ক রিপোর্ট।।

টাঙ্গাইল শহরের সাবালিয়া এলাকায় অবস্থিত শহীদ ক্যাডেট স্কুল-এর একাডেমিক ভবনের ছয়তলা থেকে পড়ে নবম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকালে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

নিহত শিক্ষার্থীর নাম মুহিদুল ইসলাম লামিত। জানা যায়, সকালবেলায় স্কুলের ছয়তলা ভবন থেকে পড়ে গুরুতর আহত হয় সে। পরে স্কুলের কর্তব্যরত শিক্ষকরা দ্রুত তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিক্ষার্থীর দাদা ও চাচা অভিযোগ করেন, শিক্ষকদের অবহেলা এবং যথাযথ তদারকির অভাবের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে স্কুলের চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে টাঙ্গাইল সদর মডেল থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি পুলিশ জেনেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন