আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের সংবাদপত্রগুলোতে টানা পাঁচ দিনের ছুটি ঘোষণা করেছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।
মঙ্গলবার (১০ মার্চ) সংগঠনের সভাপতি এ কে আজাদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৯ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত সংবাদপত্রের সঙ্গে সংশ্লিষ্ট সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা ঈদের ছুটি পালন করবেন।
এই সিদ্ধান্তের ফলে আগামী ২০ মার্চ থেকে ২৪ মার্চ পর্যন্ত দেশের কোনো দৈনিক সংবাদপত্র প্রকাশিত হবে না।
নোয়াব জানায়, সংগঠনের নির্বাহী কমিটির সর্বসম্মত সিদ্ধান্তে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এই ছুটি ঘোষণা করা হয়েছে।
তবে অনলাইন সংবাদমাধ্যমগুলো তাদের কার্যক্রম চালিয়ে যাবে কি না, সে বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেবে বলে জানানো হয়েছে।

