ইরানের রাজধানী তেহরান-এর একটি আবাসিক এলাকায় নতুন করে বিমান হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন নিহত হয়েছেন এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। বুধবার (১১ মার্চ) ভোরে এ হামলা চালানো হয়।
উদ্ধারকাজে নিয়োজিত ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, হামলার পরপরই ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে কাজ চলছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সংস্থাটি জানায়, কিছুক্ষণ পর তেহরানের আরেকটি আবাসিক এলাকাতেও বিমান হামলা চালানো হয়েছে। সেখানে রেড ক্রিসেন্ট ও ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথভাবে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।
রেড ক্রিসেন্টের প্রকাশ করা একটি ভিডিওতে দেখা গেছে, উদ্ধারকারী দলগুলো একটি বিধ্বস্ত ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করছে। ধ্বংসস্তূপের মধ্যে অনুসন্ধানে একটি উদ্ধারকারী কুকুরকেও ব্যবহার করা হচ্ছে। আশপাশের রাস্তায় ভবনের ধ্বংসাবশেষ ছড়িয়ে থাকতে দেখা যায়।
এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, তেহরানের একটি ব্যাংকে বিমান হামলার ঘটনায় এক কর্মী নিহত হয়েছেন। সম্প্রতি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র নতুন করে ব্যাপক হামলার ঘোষণা দেওয়ার পর রাজধানী তেহরানে রাতভর একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
তেহরানের গভর্নর মোহাম্মদ সাদেক মোতামেদিয়ান জানিয়েছেন, হামলায় আবাসিক এলাকা ছাড়াও শহরের গুরুত্বপূর্ণ অবকাঠামো—যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস এবং যোগাযোগ নেটওয়ার্ক—লক্ষ্যবস্তু করা হয়েছে।

