রাজধানীর বিভিন্ন বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ সংকট এখনো কাটেনি। সপ্তাহের বেশি সময় ধরে অধিকাংশ মুদি দোকানে এক ও দুই লিটারের বোতলজাত সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। ফলে বিকল্প হিসেবে বেশি দামের ক্যানোলা তেল বিক্রি করছেন অনেক দোকানি। একই সঙ্গে বাড়তি দামে বিক্রি হচ্ছে খোলা সয়াবিন তেল।
বুধবার (১১ মার্চ) রাজধানীর সবুজবাগ, মুগদা, মানিকনগর ও খিলগাঁও এলাকার বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
মুগদা বাজারের বেশিরভাগ মুদি দোকানে বোতলজাত সয়াবিন তেলের সংকট দেখা গেছে। কোথাও কোথাও পাঁচ লিটারের বোতল পাওয়া গেলেও এক ও দুই লিটারের বোতল পাওয়া যাচ্ছে না। দোকানিরা জানান, বোতলজাত তেলের নির্ধারিত দাম না বাড়লেও ডিলার পর্যায়ে কমিশন কমে যাওয়ায় আগের মতো ছাড় দিয়ে বিক্রি করা সম্ভব হচ্ছে না।
মুগদা রহমান জেনারেল স্টোরের স্বত্বাধিকারী মো. এমদাদুল বলেন, প্রায় এক সপ্তাহ ধরে এক ও দুই লিটারের তেলের সরবরাহ চাহিদার তুলনায় কম। পাঁচ লিটারের বোতল পাওয়া গেলেও আগে ডিলাররা যে কমিশন দিতেন তা কমিয়ে দিয়েছেন। আগে পাঁচ লিটারের বোতল ডিলারদের কাছ থেকে ৯৩০ টাকায় পাওয়া গেলেও এখন সেটি ৯৪০ থেকে ৯৪৫ টাকায় কিনতে হচ্ছে। ফলে নির্ধারিত ৯৫৫ টাকার নিচে বিক্রি করা কঠিন হয়ে পড়েছে।
তিনি আরও বলেন, আগে বেশি কমিশন পাওয়ায় ভোক্তাদের কাছে ৯৪৫ থেকে ৯৫০ টাকায় পাঁচ লিটারের বোতল বিক্রি করা যেত, কিন্তু এখন সেই সুযোগ নেই।
বোতলজাত তেলের সরবরাহ কম থাকায় খোলা সয়াবিন তেলের দামও বেড়েছে। রাজধানীর বিভিন্ন বাজারে বর্তমানে খোলা সয়াবিন তেল প্রতি কেজি ২০৮ থেকে ২১০ টাকায় বিক্রি হচ্ছে। রমজানের শুরুতে এ তেলের দাম ছিল ১৯৫ থেকে ২০০ টাকা। গত সপ্তাহে তা বেড়ে দাঁড়ায় ২০০ থেকে ২০৫ টাকায়।
এদিকে কয়েকটি সুপারশপ ঘুরেও বোতলজাত সয়াবিন তেলের ঘাটতির একই চিত্র দেখা গেছে। অনেক সুপারশপে এক ও দুই লিটারের বোতল পাওয়া যাচ্ছে না।
রাজধানীর মানিকনগরে একটি চেইন সুপারশপের কর্মীরা জানান, গত শনিবার সর্বশেষ এক ও দুই লিটারের বোতলজাত সয়াবিন তেল বিক্রি হয়েছে। এরপর তিনদিন কোনো সরবরাহ না থাকায় বিক্রি বন্ধ ছিল। বুধবার নতুন করে মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের তেল সরবরাহ এসেছে, তবে তখনো বিক্রি শুরু হয়নি।
কর্মীরা আরও জানান, প্রতিটি শাখায় একজন ক্রেতার কাছে নির্দিষ্ট পরিমাণ তেল বিক্রির সীমা নির্ধারণ করা হয়েছে। একজন ক্রেতা দিনে সর্বোচ্চ এক লিটারের তিনটি, দুই লিটারের দুটি অথবা পাঁচ লিটারের একটি বোতল কিনতে পারবেন।

