রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

তেজগাঁওয়ে মিনি ট্রাকের ধাক্কায় স্কুলশিক্ষার্থীর মৃত্যু

ডেস্ক রিপোর্ট।।

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় রাস্তা পারাপারের সময় মিনি ট্রাকের ধাক্কায় নূরনবী (১৪) নামে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি তেজগাঁও কেজি হাই স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

বুধবার (১১ মার্চ) বিকেল চারটার দিকে তেজগাঁও ১৪ নম্বর কালাম বস্তির সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পরিবারের সদস্যরা জানান, রাস্তা পার হওয়ার সময় একটি মিনি পিকআপ নূরনবীকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে পাঁচটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত নূরনবীর বাবা রফিক বলেন, তার ছেলে তেজগাঁও কেজি হাই স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। বাসার সামনে রাস্তা পারাপারের সময় একটি মিনি পিকআপ তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়। পরে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক জানান, তার ছেলে আর বেঁচে নেই।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে আহত অবস্থায় এক স্কুলশিক্ষার্থীকে জরুরি বিভাগে আনা হয়েছিল। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং ঘটনাটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন