ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার সকাল ১১টায় শুরু হওয়া এই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের কার্যক্রম সম্পন্ন হয়েছে।
অধিবেশনে প্রবীণ সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে স্পিকার নির্বাচিত হয়েছেন মেজর হাফিজ (অব.) বীর বিক্রম এবং ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল।
সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান অধিবেশনে বক্তব্য দিয়েছেন। এতে সরকারদলীয় ও বিরোধীদলীয় সংসদ সদস্যরা উপস্থিত রয়েছেন। সকাল থেকেই সংসদ ভবনে সংসদ সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিদেশি কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সংসদের দর্শক সারিতেও ছিলেন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। সেখানে সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান, প্রধানমন্ত্রীর স্ত্রী জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমান উপস্থিত ছিলেন। এছাড়া নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানসহ সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। পরে ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে।
এর প্রায় দেড় বছর পর গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৩ ফেব্রুয়ারি রাতে নির্বাচন কমিশন ফলাফলের গেজেট প্রকাশ করে এবং ১৭ ফেব্রুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন।
সংবিধান অনুযায়ী সাধারণ নির্বাচনের ফল ঘোষণার ৩০ দিনের মধ্যে সংসদের অধিবেশন আহ্বান করতে হয়। সেই বিধান অনুযায়ী ফল ঘোষণার এক মাসের মাথায় আজ শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন।

