দেশে কিডনি রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। বর্তমানে বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ২২ থেকে ২৩ শতাংশ, অর্থাৎ প্রতি পাঁচজনের একজন কিডনি রোগে আক্রান্ত বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।
বিশ্ব কিডনি দিবস উপলক্ষে সংবাদমাধ্যম যুগান্তর ভবনে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তারা এ তথ্য তুলে ধরেন।
বিশেষজ্ঞরা জানান, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ভেজাল খাদ্য এবং অস্বাস্থ্যকর জীবনযাপন কিডনি রোগ বৃদ্ধির অন্যতম প্রধান কারণ। কিন্তু পর্যাপ্ত জনসচেতনতার অভাব এবং চিকিৎসা ব্যয় বেশি হওয়ায় দেশের প্রায় ৭০ থেকে ৮০ শতাংশ রোগী প্রয়োজনীয় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত থাকছেন।
তাদের মতে, কিডনি রোগের ক্ষেত্রে চিকিৎসার চেয়ে প্রতিরোধই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই এ বিষয়ে জনসচেতনতা বাড়ানো জরুরি।
গোলটেবিল আলোচনায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এ. মুহিত ছাড়াও দেশের খ্যাতনামা চিকিৎসক এবং স্বাস্থ্যখাত সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

