বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

ভোটের কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট।।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের রায়ে সরকার গঠনের পরই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে সরকার। তিনি বলেন, ভোটের কালি নখ থেকে মোছার আগেই ধারাবাহিকভাবে প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার (১৪ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম এবং বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতাদের মাসিক সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে আছেন, তাদের জন্য আর্থিক সহায়তা ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করে অর্থনৈতিক বৈষম্য কমানো সরকারের লক্ষ্য। জাতীয় নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতির অংশ হিসেবেই এসব উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি জানান, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া নারীদের সহায়তায় ইতোমধ্যে ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হয়েছে এবং পর্যায়ক্রমে এটি সারা দেশে সম্প্রসারণ করা হবে। আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখ থেকে চালু হবে ‘ফার্মার্স কার্ড’ বা ‘কৃষক কার্ড’। এছাড়া আগামী ১৬ মার্চ দিনাজপুর থেকে খাল খনন কর্মসূচিও শুরু হবে।

প্রধানমন্ত্রী বলেন, আজকের অনুষ্ঠানে এমন কিছু মানুষ একত্রিত হয়েছেন যাদের সমাজে বিশেষ সম্মান রয়েছে। মানুষ জীবনের কঠিন সময়ে তাদের কাছ থেকে পরামর্শ ও নৈতিক দিকনির্দেশনা প্রত্যাশা করে।

তিনি বলেন, অনুষ্ঠানে ইসলাম ধর্মের ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের পাশাপাশি হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মের ধর্মীয় নেতারাও উপস্থিত রয়েছেন। পুরোহিত, সেবায়েত, বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের জন্যও সম্মানী কর্মসূচি চালু করা হয়েছে।

তারেক রহমান বলেন, দেশের প্রতিটি নাগরিকের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করে একটি শক্তিশালী রাষ্ট্র গড়ে তোলাই সরকারের লক্ষ্য। তিনি বলেন, নাগরিকদের দুর্বল রেখে রাষ্ট্র কখনো শক্তিশালী হতে পারে না।

তিনি আরও বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে। পাশাপাশি রাষ্ট্র ও সমাজের প্রতি নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, সবাই নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করলে আগামী দশ বছরের মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন