যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধে ইরানকে সামরিক ও আর্থিক সহায়তা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে চীন—এমন তথ্য জানিয়েছে মার্কিন গোয়েন্দা সূত্র। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ দাবি করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য অনুযায়ী চীন সম্ভবত ইরানকে আর্থিক সহায়তা, সামরিক সরঞ্জামের খুচরা যন্ত্রাংশ এবং ক্ষেপণাস্ত্র তৈরির উপাদান সরবরাহের প্রস্তুতি নিচ্ছে। তবে এখন পর্যন্ত বেইজিং সরাসরি যুদ্ধে জড়ায়নি।
মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানি তেলের ওপর নির্ভরশীলতার কারণে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিরাপদ রাখার বিষয়েও তেহরানকে চাপ দিতে পারে চীন।
বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র সিএনএনকে জানিয়েছে, চীন এ বিষয়ে অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে। তারা মূলত যুদ্ধের অবসান চায়, কারণ চলমান সংঘাত তাদের জ্বালানি সরবরাহকে ঝুঁকির মধ্যে ফেলছে।
এর আগে মার্কিন সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধরত ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে রাশিয়া। তবে চীন বা রাশিয়া সরাসরি সামরিক সহায়তা দিচ্ছে কি না—সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করে। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। ঘটনাটির নিন্দা জানালেও এখন পর্যন্ত ইরানকে সরাসরি সামরিক সহায়তার ঘোষণা দেয়নি চীন বা রাশিয়া।

